চীনসহ ৫ দেশ থেকে ১৭ লাখ টন জ্বালানি কিনবে সরকার

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০২:০৫ এএম

চীনসহ পাঁচ দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ১৬ লাখ ৮০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার। এসব দেশ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে জ্বালানি তেল আমদানি করতে লাগবে ১২ হাজার ৮৫১ কোটি টাকারও বেশি। এ ছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে ৮০ লাখ লিটার সয়াবিন তেল ও আট হাজার টন মসুর ডাল কেনা হবে। পাশাপাশি ২০২৪ শিক্ষাবর্ষের জন্য প্রায় সাড়ে ৬ কোটি বই কিনবে সরকার।

গতকাল বুধবার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান এ বিষয়ে বিস্তারিত জানান।

চীন ছাড়া থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পরিশোধিত জ্বালানি তেল কেনা হবে। এর মধ্যে পেট্রোচিনা চীন ও ইউনিপেক চীন নামে চীনের রাষ্ট্রায়ত্ত দুটি প্রতিষ্ঠান রয়েছে। অন্য চার দেশের চারটি প্রতিষ্ঠান হচ্ছেÑ পিটিটিটি থাইল্যান্ড, ইএনওসি আরব আমিরাত, বিএসপি ইন্দোনেশিয়া ও পিটিএলসিএল মালয়েশিয়া। বিপিসির মাধ্যমে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এ ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এজন্য প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইসসহ ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৮৫১ কোটি ৮৭ লাখ টাকা।

অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, টিসিবি স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল কিনবে। নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকায় এ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, টিসিবি স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। মেঘনা এডিবল অয়েলস রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১৩১ কোটি ১৬ লাখ টাকায় এ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সাঈদ মাহমুদ খান আরও জানান, বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-সংক্রান্ত কার্যক্রমে সহায়তাবিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়। এটি হচ্ছে আইনগত পরামর্শক হিসেবে নিয়োজিত মিস্টার ওয়েস্ট জুনিয়রকে সংশোধন-১ বাবদ অতিরিক্ত ১৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্র্তৃক ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক ষষ্ঠ শ্রেণি, দাখিল ষষ্ঠ শ্রেণি ও কারিগরি ষষ্ঠ শ্রেণির বিনামূল্যের ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮টি বই কেনা হবে। ৯১টি লটে প্রথম সর্বনিম্ন দরদাতা এবং ৯টি লটে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ২২৮ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৭৮৩ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত