পল্টনে ইসলামী আন্দোলনের সমাবেশ আজ

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০২:২৩ এএম

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে থাকা দলগুলোর আজকের সমাবেশ পিছিয়ে আগামীকাল শুক্রবার হবে। তবে আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্বঘোষিত সমাবেশ হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল বুধবার দলটির প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোরেলগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই বক্তব্য প্রদানকালে পুলিশের বাধা ও অসৌজ্যমূলক আচরণের প্রতিবাদ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে এই সমাবেশ হবে।

পুরানা পল্টনের হাউজ বিল্ডিং চত্বরের নোয়াখালী টাওয়ারের সামনে এ সমাবেশ সফল করার জন্য গতকাল বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা হয়। সেখানে জানানো হয়, বায়তুল মোকাররম উত্তর গেটে পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় অফিস চত্বরে সমাবেশ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত