বাইডেনের নতুন অভিবাসন নীতি আদালতে স্থগিত

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৬:১৭ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিতর্কিত নতুন অভিবাসন নীতির বিরুদ্ধে ১৪ দিনের স্থগিতাদেশ দিয়েছেন দেশটির একজন ফেডারেল বিচারক। স্থানীয় সময় গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের জেলা জজ জন টিগার এ আদেশ দেন। তবে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে বাইডেন প্রশাসন।

বিবিসি জানাচ্ছে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ সীমিত করতে গত মে মাসে বাইডেন প্রশাসন নতুন কিছু বিধিনিষেধ আরোপ করে। করোনা মহামারীর সময় অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে আরোপ করা ‘টাইটেল-৪২’ বিধিনিষেধের মেয়াদ শেষের পর নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

গত ১১ মে থেকে কার্যকর হওয়া বাইডেনের নতুন অভিবাসন নীতিতে বলা হয়েছে, তৃতীয় কোনো দেশ হয়ে আসার সময় ওই দেশে আশ্রয় চাননি অথবা বৈধপথে যুক্তরাষ্ট্রে আসেননি এমন অভিবাসনপ্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। এ নীতি কার্যকর হওয়ার পর মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসা অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পায়।

যদিও সে বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ (এসিএলইউ) আরও কয়েকটি নাগরিক অধিকার সংগঠন আদালতের দ্বারস্থ হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত ১৪ দিনের স্থগিতাদেশ দিয়েছে।

এদিকে অনেকে মনে করছেন, স্বল্প সময়ের জন্যে স্থগিতাদেশ দেওয়া হলেও সীমান্তে আবারও অভিবাসনপ্রত্যাশীদের ঢল নামতে পারে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন মুখপাত্রের বরাতে সিএনএন বলছে, বাইডেনের নীতির বিরুদ্ধে দেওয়া এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বড় ধরনের প্রভাব পড়বে। তিনি বলেন, ইস্ট বে মামলায় জেলা আদালত আজ যে রায় দিয়েছে, তার সঙ্গে বিচার বিভাগ একমত নয়। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে এবং আমরা এই স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ চাইব।

যদিও বাইডেনের অভিবাসন নীতি স্থগিত করে ৩৫ পৃষ্ঠার আদেশে বিচারক টিগার বলেছেন, যুক্তরাষ্ট্রের আইনে স্পষ্ট বলা আছে, অবৈধভাবে সীমান্ত পাড়ি আশ্রয় পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত