জাহিদের কাছে ক্ষমা প্রার্থনা মাহফুজের

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১০:৫৬ পিএম

গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের প্রচারণাকালে একটি ইন্টারভিউতে বেশ আগের একটি ঘটনা তুলে আনেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সেটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেকে বলেছিলেন, এ ঘটনার পর জাহিদ হাসানের সঙ্গে মাফজুফের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অনেকে জাহিদ হাসানকে দোষারোপ করেছেন, আবার কেউ কেউ মাহফুজের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন যে, পুরনো ঘটনা প্রকাশ করে অন্যকে ছোট করার কী আছে? বিষয়টি মাহফুজ আহমেদও উপলব্ধি করেছেন। এ প্রসঙ্গে মাহফুজ সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর আমি জাহিদকে ক্ষমা চেয়ে এসএমএস করি, যা বলার সেই এসএমএসে বলেছি। পরে আমাকে জাহিদ ফোন করেছিল। আমি ধরতে পারিনি। আমি আবার ফোন করেছি, সেও ধরতে পারেনি। আমার কাছে মনে হয়েছে, কথাটা বলা মোটেও ঠিক হয়নি। তাই দুঃখপ্রকাশ করে মেসেজ দিয়েছি।’

সেই ইন্টারভিউতে মাহফুজ আহমেদের অভিযোগ ছিল হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় জাহিদ হাসান যে রোলটা করেছেন, এই রোল নিয়ে আমার সঙ্গে সবকিছু ফাইনাল। আমি অস্ট্রেলিয়া গিয়েছি স্ত্রীর কাছে। এসে শুনি আমি রোলটা করছি না। ফেরদৌস যে রোলটা করেছে, ওটা আমি করব। আমি বলেছি, আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা আমার স্বপ্নের ক্যারেক্টার স্যার। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। জাহিদ যদি বলত, মাহফুজ আমি এটা করতে চাই, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম! মাহফুজ আরও বলেন, ‘কথার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে মুখ ফসকে এমন কথা বের হয়ে গেছে। কিন্তু পরে মনে হয়েছে, কথাটা বলা মোটেও ঠিক হয়নি। আমি আবারও বলছি, আমি ভুল বলিনি। কিন্তু বলাটা আমার ঠিক হয়নি। জাহিদ আমার প্রিয় বন্ধু, বড় ভাইতুল্য। আমি ভালোটাই সব সময় বলব। আমার মনে হয়েছে, সত্য হলেও সব সময় পাবলিকলি অনেক কথা বলতে হয় না। কেউ কষ্ট পাচ্ছে কি না, সম্মানহানি হচ্ছে কি না এটাও দেখা উচিত। তবে এই কথার পরিপ্রেক্ষিতে বাকি সব সিদ্ধান্ত জাহিদের। জাহিদ বিষয়টা কীভাবে দেখবে, তা একদমই ওর ওপর ছেড়ে দিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত