এসএসসিতে সব ক্ষেত্রেই এগিয়ে ছাত্রীরা

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৬:৫৬ এএম

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ, পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছাত্রীরা এগিয়ে। পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ৮৮। আর ছাত্রদের পাসের হার ৭৮ দশমিক ৮৭। পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৯৮ হাজার ৬১৪।  জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৮৪ হাজার ৯৬৪, অর্থাৎ ছাত্রদের চেয়ে ১৩ হাজার ৬৫০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

গতকাল শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের

বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। আর সকাল সাড়ে ৯টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্রী ছিল ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ এবং ছাত্র ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন। মোট পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। এর মধ্যে ছাত্রী ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ এবং ছাত্র ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন; অর্থাৎ ৪৮ হাজার ৩৩২ জন ছাত্রী বেশি।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২। ছয় বছর ধরেই মাধ্যমিকে পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে। ২০২২ সালে ৮৭ দশমিক ৭১ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করে, যেখানে ছাত্রদের পাসের হার ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ।

গতবার জিপিএ-৫ পাওয়া ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ২১ জন ১৫৬ ছাত্র; আর ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন ছিল ছাত্রী।

৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৫০টি। গতকাল সংবাদ সম্মেলন এ ব্যাপারে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, দেখা গেছে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেই হয়তো পরীক্ষা দিয়েছে দুজন বা তিনজন। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই আবার নন-এমপিওভুক্ত। এমপিওভুক্ত হওয়ার জন্য কাম্য শিক্ষার্থী ও পরীক্ষার্থী থাকতে হয়। তারপরও এসব প্রতিষ্ঠান থেকে একজন বা পাঁচজন পরীক্ষা দিক, তারা যেন পাস করার জায়গায় যেতে পারে, সেটা নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করার প্রচেষ্টা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত