২০১৯ সালে ফিরল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল!

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৭:৩৮ এএম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ২০১৯ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ। একই পরীক্ষায় এবার চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। আর এ ফলাফলের মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ড করোনাকালে আগের স্বাভাবিক সময়ে ফিরে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২০ সালে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই শুরু হয়েছিল করোনা। সে বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৭৫ শতাংশ। তারপর থেকেই পাসের হার ছিল ঊর্ধ্বমুখী। ২০২১ সালে ৯১ দশমিক ১২ শতাংশ এবং ২০২২ সালে ৮৭ দশমিক ৫৩ শতাংশ পাস করেছিল। গতকাল শুক্রবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম বোর্ডে পাসের হার গত বছরগুলোর তুলনায় যেমন কমেছে, তেমনিভাবে জিপিএ ৫-ও কমেছে। গত বছর যেখানে জিপিএ ৫ পেয়েছিল ১৮ হাজার ৬৬৪ জন, এবার তা কমে ১১ হাজার ৪৫০ জনে নেমে এসেছে। গত কয়েক বছর যেভাবে রেকর্ড পাসের দিকে এগিয়ে যাচ্ছিল, এবার হঠাৎ করে সেই হার নিম্নমুখী কেন জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘এবার আমরা ২০১৯ সময়কালে ফিরে গিয়েছি।’

২০১৯ কেন? এ প্রশ্নের উত্তরে নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘২০১৯-এর পর করোনা শুরু হয়। তারপর থেকে উত্তরপত্র প্রদানে কিছু শিথিলতা ছিল, যেমন প্রশ্নের সংখ্যা বেশি ছিল সেখান থেকে কম প্রশ্নপত্রের উত্তর করতে হতো। এবার থেকে কিন্তু তা তুলে দেওয়া হয়েছে। ২০১৯ সালে যে নিয়মে প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা হয়েছিল, এবারও সেভাবে হয়েছে। যথারীতি ফলাফল আগের পর্যায়ে চলে গিয়েছে।’

তবে পাসের হার কমে যাওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে বলে জানান নারায়ণ চন্দ্র নাথ। তিনি বলেন, ‘এ ব্যাচটি ২০২০ সালে জেএসসি পরীক্ষা ছাড়াই নবম শ্রেণিতে ভর্তি হয়েছে। ফলে তাদের সেখানে আটকানো যায়নি। সরাসরি এ বছর এসে পাবলিক পরীক্ষায় অংশ নিয়েছে এবং এতে পাসের হার যেমন কমেছে, তেমনিভাবে জিপিএ ৫ও কমেছে।’

এবারে চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ১০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫৩ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৬ জন। বিজ্ঞানের শিক্ষার্থীদের পাসের হার ৯৩ দশমিক ৮৪ শতাংশ, মানবিকের ৯৫ দশমিক ৪১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৮২ দশমিক শূন্য ৬ শতাংশ। এ বোর্ডে ১১ হাজার ৪৫০ জন জিপিএ ৫ পেলেও বিজ্ঞানের শিক্ষার্থীরা পেয়েছে ৯ হাজার ৮৭১, মানবিকের ১৬২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১ হজার ৪১৭ জন। বোর্ডের গড় পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ হলেও চট্টগ্রাম মহানগরীর পাসের হার ৮৫ দশমিক ৪৩ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত