সিলেটে কমেছে জিপিএ ৫, পাসের হারেও পিছুটান

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৭:৪০ এএম

সিলেট শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার গত বছরের তুলনায় কমেছে। একইসঙ্গে মোটা দাগে কমেছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গত বছর সিলেট বোর্ডে জিপিএ ৫ পেয়েছিল ৭ হাজার ৫৬৫ জন। আর এবার পেয়েছে ৫ হাজার ৪৫২ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ ৫ কমেছে ২ হাজার ১১৩।

গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। এবার পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে সিলেট বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে বোর্ডের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। একজনও পাস করেনি এমন কোনো প্রতিষ্ঠান নেই। গতকাল শুক্রবার সিলেট শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর সিলেট বোর্ডের অধীন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকে মোট ১ লাখ ৯ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন। এ বছর ৪৫ হাজার ২৮৩ জন ছেলে ও ৬৪ হাজার ২৪৯ জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৩ হাজার ৯০৯ জন ছেলে ও ৪৯ হাজার ৩৯৭ জন মেয়ে পাস করেছে। ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৮৮ ও মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৮৮ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৪৭০ জন ছেলে ও ২ হাজার ৯৮২ জন মেয়ে। এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ৭৪ শতাংশ, মানবিক বিভাগে ৭০ দশমিক ৮৩ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৩৫ শতাংশ।

সার্বিক ফল প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন চন্দ্র পাল বলেন, ‘কিছু কারণে এবার ফল কিছুটা খারাপ হয়েছে। এর মধ্যে অন্যতম হলো গণিতের কঠিন প্রশ্নপত্র।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত