বৃষ্টির দাপট চলছেই, মৃত্যু বেড়ে ১৭

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:২৪ পিএম

ভারতের দক্ষিণের রাজ্য তেলঙ্গানায় অব্যাহত বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খাম্মাম এবং ওয়ারাঙ্গল জেলায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃষ্টির পরিমাণ কিছুক্ষেত্রে আগের চেয়ে কমলেও গোদাবরীসহ রাজ্যের বেশির ভাগ নদীগুলি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে বহু গ্রাম এখনও পানির নিচে। এই সপ্তাহে উত্তর তেলঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। শুধু মুলুগু জেলাতেই বৃষ্টি হয়েছে ৬০০ মিলিমিটার।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) জানিয়েছে, গত বৃহস্পতিবার রাজ্যের মুলুগু জেলার একটি প্রত্যন্ত গ্রামে নদী পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিল এক দল গ্রামবাসী। সেই সময় আচমকাই স্রোতে ভেসে যান আটজন। তাদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। দুইজন এখনও নিখোঁজ।

রাজ্য পুলিশের ডিজি অঞ্জনি কুমার বলেন, জেলা প্রশাসনগুলো প্লাবিত এলাকা থেকে ১৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। গোদাবরীর তীরবর্তী এলাকাগুলো থেকে সাড়ে তিন হাজার বাসিন্দাকে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে। রাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কোঠাগুডেম, মুলুগু, ওয়ারাঙ্গল, খাম্মাম, ভূপলাপল্লি এবং হায়দরাবাদ জেলার।

আবহাওয়া ভবন জানিয়েছে, রাজ্যে এখনই বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। ভারী বৃষ্টির হাত থেকে রেহাই মিললেও বিভিন্ন জেলায় ৩১ জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং কোথাও বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত