রাজধানীর তেজগাঁও থানাধীন জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় দুই বাসের রেষারেষিতে লেগুনার যাত্রীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, লেগুনা যাত্রী জাহাঙ্গীর হোসেন (৩৫), বাবলা (৩৬), আরমান হোসেন (২৯), রেজা (২৮) ও রিকশা চালক জামাল হোসেন (৩০)।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শিখর ও বিকল্প পরিবহনের দুটি বাসের রেষারেষিতে শিখর পরিবহন লেগুনা ও রিকশাতে ধাক্কা দেয়। এতে লেগুনার যাত্রীসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। তবে কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। আহতদেরকে ঢাকা মেডিকেলসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। বাস দুটি জব্দ করা হয়েছে।
তন্ময় আকবর সিয়াম নামে এক ব্যক্তি জানান, দুপুরে সংসদ ভবনের ৬ নম্বর গেটের সামনের রাস্তায় বাস লেগুনা সংঘর্ষ হয়। জাহাঙ্গীরকে লেগুনাটির নিচে থেকে বের করা হয়।
আহত রিকশা চালক জামাল হোসেন জানান, তিনি আগারগাঁও থেকে যাত্রী নিয়ে রাজাবাজার যাচ্ছিলেন। পথে শিখর পরিবহনের একটি বাস লেগুনাসহ তার রিকশাতে ধাক্কা দেয়।
