রাজস্বের ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসের সাবেক নাজির কাম ক্যাশিয়ার কাজেম আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রবিবার রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে এ মামলা করেন। আসামি কাজেম আলী পবা উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছিলেন। তিনি রাজশাহী মহানগরীর কেশবপুর মহল্লার আলি হোসেনের ছেলে।
৮৯ লাখ ৬৪ হাজার ৯৩১ টাকা রাজস্ব আদায় করে তিনি ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
কাজেম আলীর বিরুদ্ধে রাজস্বের অর্থ আত্মসাতের বিষয়টি অনুসন্ধানে প্রমাণিত হলে তাকে বদলি করে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করা হয়। কাজেম আলী এখন অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) রয়েছেন। ভূমি অফিসে কর্মরত থাকাকালে তিনি রাজস্বের টাকা আত্মসাতের ঘটনা ঘটিয়েছেন বলে দুদক জেনেছে।
মামলার বিবরণে বলা হয়েছে, কাজেম আলী পবা উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার থাকাকালে রাজস্বের ৭০ লাখ টাকা আত্মসাৎ করেন। সরকারি চালান জাল করে আরও ৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাৎ করেন। তিনি ২০১০ সালের ২৬ জুলাই থেকে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা ভূমি অফিসের নাজিম কাম ক্যাশিয়ার থাকাকালে ৮৯ লাখ ৬৪ হাজার ৯৩১ টাকা সরকারি চালানের মাধ্যমে আদায় করেন। এর মধ্যে ১০ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে জমা করেন। বাকি ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা তিনি আত্মসাৎ করেন। বিষয়টি প্রথমে অভ্যন্তরীণ নিরীক্ষায় ধরা পড়ে।
