ইউক্রেনের শান্তি সম্মেলন হবে সৌদি আরবে!

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৩:১৮ এএম

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান তথা ইউক্রেন যুদ্ধের ৫২২ দিন পূর্ণ হয়েছে। বর্তমানে জাপোরিজিয়াসহ কয়েকটি এলাকায় তথাকথিত পাল্টা আক্রমণে কিছুটা উন্নতি দেখছে ইউক্রেন। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, আগস্টের প্রথম সপ্তাহে সৌদি আরবে ৩০ দেশের অংশগ্রহণে ইউক্রেন শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল রবিবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

এই প্রতিবেদনে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নালকে গত শনিবার রাতে নাম প্রকাশ না করে এক কর্মকর্তা আসন্ন শান্তি সম্মেলনের কথা জানিয়েছেন। সবকিছু পরিকল্পনামাফিক থাকলে আগামী ৫ ও ৬ আগস্ট সৌদি আরবের বন্দর শহর জেদ্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাসহ অন্তত ৩০টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন এখানে। তবে সম্ভাব্য এই সম্মেলন নিয়ে প্রকাশ্যে এখনই কোনো মন্তব্য করেনি সৌদি আরব ও ইউক্রেন। 

এদিকে যুদ্ধবিরতির আলোচনার পথ এখনো খোলা বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা রাশিয়া নাকচ করে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত শনিবার তিনি বলেন, ‘আফ্রিকার প্রস্তাব ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। কিন্তু ইউক্রেনের হামলা এ উদ্যোগ বাস্তবে রূপ দেওয়া কঠিন করে তুলছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা-রাশিয়া সম্মেলনে আফ্রিকান নেতাদের ইউক্রেন শান্তি প্রস্তাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানের পর এক সংবাদ সম্মেলনে পুতিন এ কথা বলেন। এ সময় তিনি চীনের করা শান্তি প্রস্তাবও যুদ্ধ বন্ধের আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেন। তবে ইউক্রেনের চলমান আক্রমণকে যেকোনো আলোচনার জন্য মূল বাধা বলেও মনে করেন পুতিন।

রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের ঠিক পরদিন ফের মস্কোতে হামলা চালায় ইউক্রেনের তিনটি ড্রোন। এ হামলায় একজন আহত হওয়ার কথা জানায় রুশ বার্তা সংস্থা তাস। সবগুলো ড্রোন ভূপাতিত করা হলেও হামলার কারণে মস্কো বিমানবন্দর সাময়িক বন্ধ রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত