ব্রণ, চুল পড়ে যাচ্ছে এমন সমস্যা অনেকেরই এখন দেখা যাচ্ছে। দেহে অবাঞ্ছিত লোম ও চুল গজানোতে দেশে লেজার ট্রিটমেন্ট জনপ্রিয় হচ্ছে।
ব্রণ নির্মূলে লেজার : ব্রণ চিকিৎসায় ফোটন রশ্মি বিশ্বব্যাপী সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। যে ব্যাকটেরিয়া ব্রণের জন্য দায়ী, তা এ রশ্মি শোষণ করে জীবাণুকে ধ্বংস করে। তাই এ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন কমে যায়। সময়কাল ছয় থেকে আট সপ্তাহ এবং সপ্তাহে এক থেকে দুবার করতে হয়। এটি খুব সহজ ও ব্যথামুক্ত একটি পদ্ধতি। রোগীকে ধৈর্যসহকারে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চালিয়ে যেতে হবে।
ত্বকের দাগে লেজার : মুখের সৌন্দর্য বৃদ্ধি ও ত্বকের দাগের চিকিৎসায় লেজার খুবই কার্যকর। কিউ সুইচড এনডি ইয়াগ দুটি তরঙ্গ দৈর্ঘ্যে কাজ করে এর সমাধান দেওয়া যায়। ত্বকের কালো ও জন্মদাগ এবং মুখের ত্বকের উপরি ভাগের লোম ও রক্তনালির সমস্যায় এ চিকিৎসা খুবই ফলপ্রসূ হতে পারে।
ত্বকের টিউমার অপসারণে লেজার : কার্বন ডাই-অক্সাইডযুক্ত লেজার ত্বকের টিউমার ও ক্যানসার, আঁচিল ও বয়সের ভাঁজের চিকিৎসায় অত্যন্ত কার্যকর পদ্ধতি। বড় সুবিধা হচ্ছে এতে অ্যানস্থেসিয়ার প্রয়োজন হয় না। ব্যথামুক্ত এ পদ্ধতিতে এক থেকে দুবার চিকিৎসার প্রয়োজন হয়।
অসুবিধা
প্রতিটি কাজেরই কিছু না কিছু পার্শ^প্রতিক্রিয়া থাকে। রোগীর বয়স, শরীরের অন্য রোগ বা ধরন বুঝেই চিকিৎসা করানো উচিত। বিশেষজ্ঞ লেজার সার্জন ছাড়া লেজার করানো উচিত নয়।
শল্যচিকিৎসা
ত্বকের নানাবিধ সমস্যা, ঘা ও অপারেশন-পরবর্তী ঘা শুকানোর জন্য লেজার পদ্ধতি বেশ উপকারী হয়ে উঠছে। ইনকোহারেন্ট ফোটন রশ্মির সাহায্যে উন্নত চিকিৎসা ব্যবস্থা যেমন ডায়াবেটিস, আলসার, ত্বকের প্রদাহ ও অপারেশন-পরবর্তী ঘা শুকানোর জন্য লেসার ব্যবহৃত হয়। আর তাতে রোগীরাও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা না করালে নানা অসুবিধাও হতে পারে।
