ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় ব্যবসায়ী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১০-এর একটি দল রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায়, গ্রেপ্তার সাতজন হলো হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী মো. রাজন হোসেন, তার সহযোগী জানে আলম, মো. সুমন ওরফে গর্দা সুমন, লিটন হোসেন, মো. দিপু, সারোয়ার আকন্দ ও মো. সজীব। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, একটি ভাঙা ক্রিকেট ব্যাট, একটি ব্যাটন ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, নিহত সাইফুল দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। সেখানে একটি দোকান ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করতেন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তিনি বিভিন্ন পদক্ষেপ নিতেন। তিনি বিভিন্ন সময় সন্ত্রাসী ও মাদক কারবার সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়তা করতেন। তাই তার ওপর ক্ষিপ্ত ছিল মাদক কারবারিরা। গত ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইফুল দোকান থেকে বাসায় ফেরার পথে আসামিরা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী খেজুরবাগ স্কুল রোডে ক্রিকেট ব্যাট, ব্যাটন, লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।
