জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেয়াদোত্তীর্ণ পর্ষদগুলোয় নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষকদের একটি অংশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য গণতান্ত্রিক পর্ষদের নির্বাচন দিচ্ছে না। গণতান্ত্রিক চর্চার অভাবে সাড়ে ১৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প মাস্টারপ্ল্যান ছাড়া ব্যয় করা হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এর সুফল ভোগ করতে পারছেন না। এ সময় তারা জাকসু নির্বাচনসহ ক্যাম্পাসে দল-মত নির্বিশেষে সব রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিতের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান বলেন, বারবার মেয়াদোত্তীর্ণ গণতান্ত্রিক পর্ষদসমূহের নির্বাচনের তফসিল ঘোষণার দাবি করলেও উপাচার্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত না করে বিভিন্ন বিভাগ, অফিস ও আবাসিক হলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ দেওয়ায় ১৯৭৩-এর অধ্যাদেশ মারাত্মকভাবে ক্ষুণœ হচ্ছে। আমাদের দাবি আদায় না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
