চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কিশোর নিহত

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে আব্দুর রহমান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) রাতে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে নিহত কিশোরের লাশ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে।

নিহত আব্দুর রহমান উপজেলার এনায়েতপুর গুচ্ছ গ্রামের আকুব্বর হোসেনের ছেলে। তার সাথে থাকা বন্ধু ফাহিম ও জিহাদ নিখোঁজ রয়েছেন। তারা ঢাকায় ঘুরতে গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৩ বন্ধু মিলে মঙ্গলবার দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে উল্লাপাড়া থেকে ঢাকায় যান। রাতে ফাহিম ও জিহাদ তাদের পরিবারকে ফোন করে জানান, তারা ঢাকার কমলাপুর রেলস্টেশনে বাড়ি যাওয়ার জন্য অবস্থান করছেন।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তারা রাতে রংপুর এক্সপ্রেস ট্রেনে উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজ পাড় হয়ে বাড়ির কাছে গুচ্ছগ্রাম বালুর টেক এলাকায় আসলে আব্দুর রহমান চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে নিহত হন। বাকি ২ জনের খবর পাওয়া যাচ্ছে না।

উল্লাপাড়া মডেল থানার এসআই রূপ সাহা জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে নামার উদ্দেশ্যে লাফ দিয়ে পড়ে নিহত হতে পারে আব্দুর রহমান। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেলে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত