প্রহসনের নির্বাচন জনগণ হতে দিতে পারে না: বাম জোট

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১০:২০ পিএম

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, আওয়ামী লীগ আগের মতো এবারও একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এটা জনগণ হতে দিতে পারে না। দেশের প্রায় সব সক্রিয় বিরোধী দলই নির্দলীয়, নিরপেক্ষ, তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করছে। এই দাবি ইতোমধ্যে একটি জনদাবিতে পরিণত হয়েছে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে রাজধানীর পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তারা এসব কথা বলেন।

গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য' জনসাধারণের প্রতি আহ্বান জানান বাম জোট নেতারা।

আওয়ামী লীগ নেতারা দেশকে সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাইছেন উল্লেখ করে তারা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে সংসদ ভেঙে দিতে হবে। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার আজ দেশের যে পরিস্থিতি তৈরি করেছে, নির্দলীয় তদারকি সরকার গঠন করে তার অধীনে নির্বাচন ছাড়া দ্বিতীয় সমাধান নেই এবং তা গ্রহণযোগ্যও নয়।

তারা বলেন, আওয়ামী লীগ শাসনামলে সীমাহীন দুর্নীতি-লুটপাট, মেগা প্রকল্পে মেগা লুটপাট ও অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, অর্থ পাচার, ব্যাংক লোপাটের কারণে দেশের অর্থনীতি আজ দুর্দশাগ্রস্ত। আজকের এই পরিস্থিতির জন্য দায়ী সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতি, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি-লুটপাট।

বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক এবং বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানার সভাপতিত্বে ও বাসদের (মার্কসবাদী) নির্বাহী ফোরামের সমন্বয়ক জয়দীপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত