এবার কলকাতার আইটেম গানে ফারিয়া

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০১:১৫ এএম

গেল ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গান ‘কলিজা আর জান’-এ নেচে দর্শক মাতিয়েছেন নুসরাত ফারিয়া। আবারও আইটেম গানে দেখা যাবে তাকে। কলকাতার ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে কোমর দোলাবেন দুই বাংলার এই অভিনেত্রী। ‘মেনকা’ শিরোনামের এই গানের প্রোমো প্রকাশ করা হয়েছে। ফারিয়ার সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী। নুসরাত ফারিয়া বলেন, ‘আবার প্রলয়’ ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন দর্শক। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ‘মেনকা’ গানটিতে আমার পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে এ আশা করাই যায়।

আগামী ৪ আগস্ট গান ভিডিওটি উন্মুক্ত হবে। রাজ চক্রবর্তী পরিচালিত এ সিরিজে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস ম-ল। ১১ আগস্ট জি-ফাইভে মুক্তি পাবে সিরিজটি।

নুসরাত ফারিয়া দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়। মূলত বাণিজ্যিক সিনেমায় ঝলমলে উপস্থিতির জন্য তার এই জনপ্রিয়তা। কিন্তু শিল্পীর ক্ষুধা থেকেই ফারিয়া ভিন্নধর্মী গল্পের কাজেও নিজেকে প্রমাণ করতে চান বরাবরই। প্রথমবার সেই সুযোগ আসে নূর ইমরান মিঠু পরিচালিত ‘পাতালঘর’-এ। ছবিটি দেশের বাইরের একাধিক চলচ্চিত্র উৎসবে দারুণ প্রশংসা কুড়ায়। ফারিয়াকে একেবারেই ভিন্ন আঙ্গিকে দেখা যায়। অবশেষে ছবিটি দেশের দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে। ‘পাতালঘর’ মুক্তি পেয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম চরকিতে। এই ছবিতে নুসরাত ফারিয়া তার নিজের বাস্তব চরিত্রেই অভিনয় করেছেন। পাতালঘরের গল্পের অন্যতম মূল চরিত্র হচ্ছে একজন চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত