ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম। দীর্ঘ ৩৪ বছর পর বন্দরনগরী চট্টগ্রাম থেকে তৃতীয় ব্যবসায়ী নেতা হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হলেন মাহবুবুল আলম।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির ও এফবিসিসিআইয়ের বর্তমান সহসভাপতি মো. আমিন হেলালী। এর বাইরে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ছয়জন পরিচালক। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি যশোদা জীবন দেবনাথ।
এ ছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার, মেইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. মুনির হোসেন।
গতকাল বুধবার বিকেলে এফবিসিসিআইয়ের অডিটোরিয়ামে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিদের নাম ঘোষণা করেন এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী। এ সময় এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, ইলেকশন বোর্ডের সদস্য কে এম এন মঞ্জুরুল হক, মো. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহবুবুল আলম ১৯৫৮ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণকারী মাহবুবুল আলম ভোগ্যপণ্য আমদানি ছাড়া বিভিন্ন ব্যবসায় নেতৃস্থানীয় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত। তিনি আলম ট্রেডিং করপোরেশন, এম আলম গ্যাস স্টেশনের স্বত্বাধিকারী, সার্জিস্কোপ হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও স্টার এলাইড ভেঞ্চারের ভাইস চেয়ারম্যান, সি-বে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ডায়মন্ড ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ও এশিয়া ইন্স্যুরেন্সের সাবেক ভাইস চেয়ারম্যান।
গতকাল এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করব। এ জন্য সবার সহযোগিতা চাই। আজ থেকে আমরা সবাই এক। আমাদের কথা এবং দাবিও হবে এক। দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা ব্যবসায়ী।’
এ বছর অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট বিশে^র বুকে বাংলাদেশকে নতুন করে তুলে ধরেছে। তিনি আরও বলেন, এ বছর বিজনেস সামিট আয়োজন ছিল অনবদ্য একটি আয়োজন। ২০২৪ সালে একটি বিজনেস সামিট করার পরিকল্পনা রয়েছে আমাদের। এ জন্য বোর্ডের সবার সহযোগিতা চাই।’
মো. জসিম উদ্দিন বলেন, ‘সামনে নির্বাচন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। এফবিসিসিআই বোর্ড একটি ফ্যামিলির মতো করে চালাবে। সবাইকে আপন করে নেবে। নিজেদের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলে অনেক সমস্যা সমাধান করতে পারব।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, এফবিসিসিআই হলো ব্যবসায়ীদের অনেক বড় একটি পরিবার। সাবেকরা ফেডারেশনের দায়িত্ব পালন শেষ করলেও এখনো ফেডারেশনকে ধারণ করেন উল্লেখ করে প্রয়োজনে যেকোনো সময় ব্যবসায়ীদের পাশে থাকার কথা জানান তিনি।
এর আগে গত ৩১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ১৫ এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ ৮ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছে।
