ইয়ো ইয়ো টেস্টে সবার উপরে শান্ত

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৪:৪৩ পিএম

পাস ফেল বিষয় নয়, ফিটনেস টেস্টে অংশ নেয়াই মূল বিষয়। প্রথম দিন ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট করানোর পর জাতীয় দলের ট্রেনার নিক লি এমনটাই বলছিলেন। তাতে মাহমুদউল্লাহ রিয়াদের ফিটনেস কি অবস্থায় আছে তা স্পষ্ট নয়। দলের বাইরে থাকা মোসাদ্দেক, ইয়াসির রাব্বিদের কি অবস্থা তাও স্পষ্ট নয়। নিক লি জানালেন সবাই কাছাকাছি বৃত্তে আছে।

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা দেখতে এই ইয়ো ইয়ো টেস্ট করিয়েছে বিসিবি। দেশের বাইরে থাকা ক্রিকেটাররা বাদে বাকিরা টেস্ট দিয়েছেন আজ। যাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ সেই মাহমুদউল্লাহ বৃহস্পতিবার সকালেই টেস্ট দেয়ার পর হাসিমুখে ইনডোর ছেড়েছেন। ইয়ো ইয়ো টেস্ট শেষ হওয়ার পর ট্রেনার নিক লি বলছিলেন, ‘আমরা ডেটা গুলো দেখেছি, সবগুলো এখন মনে নেই তবে আমার মনে হচ্ছে আজ যা হয়েছে তাতে সবার স্কোর অনেকটা কাছাকাছি এসেছে। কিছু ক্রিকেটার যারা জাতীয় দলের সঙ্গে অনেকদিন ছিলেন না, দলের বাইরে থাকা বা ইনজুরিতে যারা ছিলেন তাদের স্কোর কিছুটা কম এসেছে, কিন্তু কেউই আসলে পেসের বাইরে না। সবাই প্রায় একই বৃত্তের মাঝে আছে।’

image সর্বোচ্চ ১৯.৫ পয়েন্ট স্কোর করেছেন নাজমুল হোসেন শান্ত

আজকের ফিটনেস পরীক্ষার জন্য ইয়ো ইয়ো স্কোরের মানদণ্ড ধরা হয়েছিল ১৮.৬। সর্বোচ্চ ১৯.৫ স্কোর উঠেছে, যা পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন। ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান। বাকিরাও খুব একটা খারাপ করেননি। বেশির ভাগ ক্রিকেটারই নাকি ১৭ থেকে ১৮-এর মতো পেয়েছেন।

তবে ক্রিকেটারদের এই টেস্ট স্কোর দিয়ে বেশি কিছু ভাবার সুযোগ নেই বলে জানালেন নিক লি, ‘এটা আসলে পাস-ফেলের কিছু না। আমরা দেখতে চাচ্ছি এশিয়া কাপের আগে ক্রিকেটারদের কার কি অবস্থা। স্কোর অনুযায়ী ওরা নিজেদের পরের কাজগুলো করবে।’
ইয়ো ইয়ো টেস্ট না দেয়া ক্রিকেটারদের মধ্যে বিদেশী লিগে খেলা সাকিব, লিটন, হৃদয় ও শরিফুলরা আছেন। দেশে ফিরে তারা নিজেদের টেস্ট দিবেন। এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আবারও টেস্ট হবে ক্রিকেটারদের। এখনকার থেকে পরের টেস্টের সময়ে ক্রিকেটারদের ফিটনেসেরে কতটুকু উন্নতি হলো তা দেখা হবে পরের টেস্টে। ওই টেস্টের স্কোর দেখে আবার বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ফিটনেসের কাজ ঠিক করবেন ট্রেনার নিক লি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত