খুলনায় নারী ফুটবলারদের মারধরের প্রতিবাদ

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৮:০২ পিএম

খুলনার বটিয়াঘাটা উপজেলায় চার নারী ফুটবলারকে মারধরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। একই সঙ্গে মারধরকারীদের শাস্তির দাবিও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) খুলনা জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মারধরের পর মামলা তুলে নিতে হুমকি দেওয়ায় নারী ফুটবলার আতঙ্কের মধ্যদিয়ে দিন কাটাচ্ছেন বলেও মানববন্ধনে বলা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী জাতির উত্থান ও জাগরণের অন্তরায় থাকা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যা দেখে সমাজের অন্য কেউ এমন জঘন্যতম কাজে লিপ্ত না হয়। পুরুষ ফুটবলাররা যেখানে স্বর্ণ পদক আনতে পারেনি সেখানে নারীরা পেরেছে। আমাদের সুস্পষ্ট দাবি নারী ফুটবলারদের মারধরকারীদের শাস্তি দিতে হবে।

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিইআরএমের খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী। এসময় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভুতোষ রায়, নিশিত রঞ্জন মিস্ত্রী, অ্যাডভোকেট প্রসেঞ্জিত দত্ত, সালমা জাহান, জয়দেব দাস, শিল্পী গাইন, মিলন দাস, কিশোর রায়, রাম দাস, শান্তা মল, পবিত্র মল, বন্যা পাল প্রমুখ।

এদিকে একই দাবিতে আগামীকাল শুক্রবার বেলা ১১টায় খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে ‘জন উদ্যোগ খুলনা’ মানববন্ধন কর্মসূচি পালনের কর্মসূচি ঘোষণা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত