জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গত বছরের ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে সম্মেলন শেষে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার নাম ঘোষণা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কিন্তু এ কমিটির গঠনের পর প্রায় ১০ মাস অতিবাহিত হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, জামালপুর জেলা সদরের নিকটবর্তী হওয়া এ উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে আলোচনায় রয়েছে। একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত। ২০১৪ সালের ২৬ অক্টোবর এক সম্মেলনের মাধ্যমে ছানোয়ার হোসেন বাদশাকে সভাপতি ও উপাধ্যক্ষ হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘ আট বছর পর গত বছরের ২৫ সেপ্টেম্বরে আবারও ছানোয়ার হোসেন বাদশাকে সভাপতি ও উপাধ্যক্ষ হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার ১০ মাস পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিঠি গঠন করা হয়নি। পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় ত্যাগী ও পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। এ আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। এ সময় দলকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি থাকা খুবই জরুরি। সেই সঙ্গে পরীক্ষিত ত্যাগী নেতা ও নবীন-প্রবীণের সমন্বয়ে যেন এবার কমিটি করা হয় এবং এ কমিটিতে যেন কোনো বিএনপি-জামায়াত পরিবারের সদস্য না থাকে সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।
যাদের কমিটিতে রাখা হবে তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুস্তাফিজুর রহমান শাহজাদা বলেন, কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগের কাছে জমা দেওয়া হয়েছে। যেকোনো সময় প্রকাশ করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
