আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ঠেকাতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ফেসবুক কাজ করবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, নির্বাচন কেন্দ্র করে সাম্প্রদায়িকতা ও সহিংসতা ছড়ানো কনটেন্ট ঠেকাতে মেটার সঙ্গে এ আলোচনা হয়েছে। ভবিষ্যতে তাদের সঙ্গে আলোচনা আরও হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অতিরিক্ত সচিব বলেন, ‘ফেসবুকের একটা টিমের সঙ্গে আমরা বসেছিলাম। তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গেও বসেছিলেন। মূলত ফেসবুকে যে অপপ্রচার হয়, সে অপপ্রচার কীভাবে রোধ করা যায়। বিশেষ করে হেট স্পিচ, ভায়োলেশন যেগুলো হয়, সে ধরনের কোনো প্রচারণা থাকলে সেগুলো তারা ডিলিট, রিমুভ করবে। ওখান থেকে তারা ব্লক করবে। কোনো ধরনের অপপ্রচার-সাম্প্রদায়িকতা, ঘৃণ্য কিছুÑ এ ধরনের অপপ্রচার তারা ব্লক করবে।’
তিনি বলেন, ‘এটা হলো প্রাথমিক একটা আলোচনা। ইসির ফোকাল পয়েন্ট ঠিক করা হবে। পরে তাদের সঙ্গে আলোচনা আরও হবে। যেকোনো অপপ্রচারের কনটেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে ফাইন্ড আউট করবে ফেসবুক। সিঙ্গাপুর থেকে তারা এসেছে। তারাও ফোকাল পয়েন্ট ঠিক করবে। তারপর সেভাবে যোগাযোগ হবে।’
অশোক কুমার দেবনাথ বলেন, ‘কোন ধরনের কনটেন্টে তারা বিধিনিষেধ আরোপ করবে সেজন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে। যেগুলো আমাদের কাছে মনে হবে নেগেটিভ প্রচারণা, নির্বাচন-সংশ্লিষ্ট সেগুলো বন্ধের জন্য বলা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ কার্যক্রম চালানো হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি আমন্ত্রণ জানাইনি, তারাই যোগাযোগ করেছে। আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন করা হলে অতিরিক্ত সচিব বলেন, এ বিষয়ে পরে তারা যোগাযোগ করবে।
আলোচনায় ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে বৈঠক করেছে। এ সময় সংস্থাটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এইডান হেই এবং এজিনেন ফো। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।
