কিছু দিন আগেই স্বপ্নের কান সফর সেরে এসেছেন ম্রুনাল ঠাকুর। সেই উচ্ছ্বাসের রেশ এখনো তার মনে বিরাজ করছে। এর মধ্যেই বিশেষ আরও একটি অর্জন হাতছানি দিচ্ছে তাকে। যেটা সপ্তাহখানেক পর তার হাতে উঠবে, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে। ভারতের সিনেমা নিয়ে দেশটির বাইরে অন্যতম বড় আয়োজন ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’। ২০১০ সাল থেকে নিয়মিত এটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১১ আগস্ট থেকে ২০ আগস্ট বসবে উৎসবটির ১৪তম আসর। আর এই আসরেই ‘ডাইভারসিটি ইন সিনেমা অ্যাওয়ার্ড’ দেওয়া হবে ম্রুনালকে। একাধিক ভাষার সিনেমায় অসামান্য অবদানের জন্যই ম্রুনাল ঠাকুর এই সম্মাননা পাচ্ছেন। জানা গেছে, ১১ আগস্ট উৎসবের প্রথম দিন গালা অ্যাওয়ার্ড নাইটে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ম্রুনাল ঠাকুর বললেন, ‘আমি সত্যিই খুব সম্মানিত বোধ করছি। গল্প ও সিনেমা যে ভাষার সীমাবদ্ধতা অতিক্রম করে, এই স্বীকৃতি আমার সেই বিশ্বাসকে আরও পোক্ত করেছে। একজন অভিনেত্রী হিসেবে আমি বরাবরই চেয়েছি ব্যতিক্রম সব চরিত্র আবিষ্কার করতে। আর এই পুরস্কার আমাকে চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে কাজের জন্য আরও উৎসাহ দেবে।’ বিগত সিনেমাগুলোতে সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ম্রুনাল বলেছেন, ‘যেসব সুযোগ আমি পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। সিনেমার এই অবিশ্বাস্য পথচলা আমার জন্য ভবিষ্যতে কী রেখেছে, তা নিয়েও এক্সাইটেড।’
প্রসঙ্গত, ম্রুনাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ ২’তে। বর্তমানে তার হাতে রয়েছে ‘পূজা মেরি জান’, ‘পিপ্পা’, ‘আঁখ মিচোলি’ ও ‘হাই নান্না’ সিনেমাগুলো।
