ভোটের ফল উল্টে দেওয়ার অভিযোগ অস্বীকার ট্রাম্পের

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৩:৩৮ এএম

ভোটের ফল পাল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নস্যাৎ করার অভিযোগে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির আদালতে হাজির হয়ে এমন দাবি করেন তিনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতা বানচাল করার উদ্দেশ্যে এই অভিযোগ তোলা হয়েছে।

বিবিসি জানাচ্ছে, ওই দিন বিকেলে আদালতে হাজির হন ট্রাম্প। প্রায় আধা ঘণ্টা ধরে শুনানি চলে। আদালত থেকে বের হয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আজ আমেরিকার জন্য অত্যন্ত দুঃখের দিন। এই মামলা হলো রাজনৈতিক প্রতিপক্ষের এক নিপীড়ন।’

ওয়াশিংটনের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মক্সিলা ২৮ আগস্ট এই মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। ওই দিন ট্রাম্পকে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতিও দিয়েছেন তিনি। তবে আইনজীবীর উপস্থিতি ছাড়া এই মামলার কোনো সাক্ষীর সঙ্গে কথা বলতে পারবেন না বলে ট্রাম্পকে শর্ত দিয়েছেন বিচারক।

ট্রাম্পের আইনজীবী জন লৌরা আগাম আপত্তি জানিয়ে বলেছেন, এই মামলায় যে বিপুল পরিমাণ দলিল-দস্তাবেজ বা সাক্ষ্যপ্রমাণ তুলে ধরতে হবে, এর জন্য অনেক সময়ের প্রয়োজন। তবে এই দাবির বিরোধিতা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী টমাস উইনডম। তার দাবি, এই মামলা স্বাভাবিক পদ্ধতিতে ও দ্রুত গতিতে শেষ করা উচিত।

এ নিয়ে গত এপ্রিল থেকে এখন পর্যন্ত চার মাসে তৃতীয়বারের মতো আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প। এর আগে আরও দুটি মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। এর একটি হলো রাষ্ট্রের গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার মামলা। দ্বিতীয়টি হলো অর্থ দিয়ে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ। স্থানীয় সময় গত মঙ্গলবার তিনি ওয়াশিংটন ডিসিতে ৪৫ পাতার ওই অভিযোগপত্রটি দাখিল করেন। সংবাদমাধ্যমটি বলছে, ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, আলামত নষ্ট করা, একজন সাক্ষীর সঙ্গে কারসাজি ও জনগণের অধিকারের সঙ্গে প্রতারণা। এসব অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্পের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার প্রেক্ষাপটে যে তদন্ত শুরু হয়েছিল, অভিযোগ গঠনের মধ্য দিয়ে তা এখন ট্রাম্পের বিচারের উদ্যোগে গড়াল। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) হামলা চালান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত