গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে পৃথক দুটি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এ ছাড়া আটজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়ায় ড্রাম্প ট্রাকচাপায় মঞ্জুর হোসেন মিলন (৫০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। সকাল সোয়া ১০টায় কোটবাজালিয়া বাজারের পাশে ভাকোয়াদি-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আবদুস সাঈদ শেখের ছেলে। তিনি গাজীপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন। এ ছাড়া কাপাসিয়া প্রেস ক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় ড্রাম্প ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
অন্যদিকে একইদিন সকালে মহানগরীর কাশিমপুর বেক্সিমকো এলাকা থেকে ১০ জন কারখানা শ্রমিক একটি মাইক্রোবাস ভাড়া করে হাওর দেখতে কিশোরগঞ্জের নিকলি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ও অন্তত আটজন আহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে মহানগরী কোনাবাড়ী উড়াল সড়কের পূর্বপাশে বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর থানার দারোয়ানী গ্রামের রাশিদুল ইসলামের ছেলে মো. শাহ আলম (৩০)। তিনি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানায় চাকরি করতেন। অন্যজন হলেন জুয়েল মিয়া (৩২)।
