ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আগামীকাল রবিবার আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারত সফর যাচ্ছে। পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরও রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।
আওয়ামী লীগের দলীয় সূত্র থেকে জানা যায়, বিজেপির আমন্ত্রণে এটি একটা সৌজন্য সফর। তিন দিনের এই সফরে প্রতিনিধিদলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
