ভারতের ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে সে দেশে সৌজন্য সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। আজ রবিবার দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাকের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটির আগামীকাল নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আবদুর রাজ্জাক। তিনি জানান, সফরকালে সরকারি ও রাজনৈতিক পর্যায়ে বেশ কিছু বৈঠক হবে। এতে পারস্পরিক চিন্তার বিনিময় হবে। রাজনৈতিক নানা বিষয়ও আলোচনায় আসবে।
বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধিদলের গত মাসে ভারত সফরে যাওয়ার কথা ছিল। সেই সময় সিদ্ধান্ত হয়েছিল দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাতে নেতৃত্ব দেবেন। পরে সিদ্ধান্ত হয় আবদুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধিদল যাবে। এই দলে আরও আছেন যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত। গত ২০ জুলাই এ সফর হওয়ার কথা থাকলেও পিছিয়ে ২৯ জুলাইয়ে নির্ধারণ করা হয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সময়সূচি ফাঁকা না পাওয়ায় সফর আবার পেছানো হয় বলে জানা গেছে।
সফর শেষে আগামী ৯ আগস্ট রাতে প্রতিনিধিদলটির ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিনিধিদলের এক সদস্য জানান, সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। একই সঙ্গে ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির নেতাদের ভারত সফরকে সৌজন্য সফর দাবি করা হয়েছে।
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগ সরকারের ওপর নানান চাপ তৈরির চেষ্টা করছে। কিন্তু ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ মিত্র ভারতের কূটনীতিকরা অনেকটাই নিশ্চুপ ছিলেন। গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘এগুলো নিয়ে পুরো বিশ্বই মন্তব্য করতে পারে, তবে ভারত ভারতই। বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যা ঘটে, তাতে আমরাও জড়িত, কারণ তা আমাদের প্রভাবিত করে...বাংলাদেশের মানুষ যেভাবে নির্ধারণ করবে, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সেভাবেই হওয়া উচিত।’
নির্বাচনী ডামাডোলের মধ্যে আওয়ামী লীগ নেতাদের ভারত সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলটির নেতারা। তারা বলছেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ভারত আওয়ামী লীগ সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের তৎপরতা বেড়েছে। এ পরিস্থিতিতে ভারত এখনো প্রকাশ্যে ততটা তৎপর নয়। তবে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। সফরকালে বাংলাদেশের নির্বাচন, ভারতের মনোভাব এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে জানান দলটির নেতারা।
এদিকে আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। প্রধানমন্ত্রীর যাওয়ার কথা রয়েছে।
