প্রথম বিশ্বকাপে শেষ ষোলোয় থামল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:৩১ পিএম

নারী বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা। নিজেদের অভিষেক আসরেই তারা নিশ্চিত করেছিল শেষ ষোলো। স্বপ্নটা তাই দেখেছিল আরও দূরে যাওয়ার। তবে তা চুরমার করে দিয়েছে নেদারল্যান্ডস। ইউরোপের দেশটির কাছে ২-০ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আফ্রিকানরা।

৯ মিনিটে পিছিয়ে যাওয়ার পর মাঠের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা অবশ্য চেষ্টা করেছিল ঘুরে দাঁড়ানোর। দারুণ কিছু সুযোগও পেয়েছিল তারা। কিন্তু ডাচ গোলরক্ষক ডাফনে ফন ডোমসেলারের বাধা পেরিয়ে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। শেষ আটে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্পেন।

সিডনির আলিয়াঞ্জ স্টেডিয়ামে এদিন ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল নেদারল্যান্ডস। ম্যাচে তাদের শুরুটাও ছিল ফেবারিটের মতোই। থিতু হয়ে এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৯ মিনিট। কর্নার থেকে উড়ে আসা বলকে হেডে জালের ঠিকানায় পাঠানোর চেষ্টা করেন লিয়েকে মার্টেনস। কিন্তু গোললাইন থেকে সেই বল ফিরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। পুরোপুরি বিপদমুক্ত করতে না পারায় ফিরতি বল কাছাকাছি জায়গা থেকে হেডে জালের ঠিকানায় পাঠান জিল রোর্ড। এটি টুর্নামেন্টে জিলের চতুর্থ গোল।

৬৮ মিনিটে ঠিকই দ্বিতীয় গোলটি আদায় করে নেয় ডাচরা। অবশ্য এই গোলে ডাচদের কৃতিত্বের চেয়ে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক সোয়ার্টের দায়টাই ছিল বেশি। হাতে আসা বলকে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন এই গোলরক্ষক। আর তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালে নেদারল্যান্ডস এগিয়ে যায় ২-০ গোলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত