ডালাস নিয়ে সতর্ক মায়ামি

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০১:৩৬ এএম

ইন্টার মায়ামির হয়ে অভিষেকের পর থেকে মাঠে দারুণ সময় পার করছেন লিওনেল মেসি। তিন ম্যাচে করেছেন পাঁচ গোল। তার সঙ্গে ক্লাবে নতুন যোগ দিয়েছেন সার্জিও বুসকেটস ও জর্ডি আলবাও। তাতে যেন বদলে গেছে দলটি।

লিগস কাপে টানা তিন জয়ে শেষ ষোলোতে উঠেছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় কাল সকালে শেষ ষোলোতে এফসি ডালাসের বিপক্ষে খেলবে মায়ামি। তার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোচ জেরার্দো মার্তিনো। তার মতে ডালাসের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে।

ক্রুজ আজুলের বিপক্ষে শেষ মুহূর্তে মেসির গোলে জয় পায় মায়ামি। এরপর আটলান্টা ইউনাইটেড ও অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন মেসি। দলও পায় সহজ জয়। শেষ ষোলোর ম্যাচ নিয়ে বলতে গিয়ে মার্তিনো বলেন, ‘ডালাসের মিডফিল্ড থেকে ফরোয়ার্ড লাইনে অনেক কার্যকর খেলোয়াড় আছে। আমাদের কাজটা খুব কঠিন হবে।’

ডালাসে খেলেন আর্জেন্টিনার উইঙ্গার অ্যালান ভেলাস্কো। ২১ বছর বয়সী এই ফুটবলার গোল করতে চান মেসির দলের বিপক্ষে। শেষ ৩২ রাউন্ডে মিডফিল্ডে খেলে গোল করেছিলেন তিনি। তার সঙ্গে মিডফিল্ডে নিয়মিত খেলেন আরেক আর্জেন্টাইন ফাকুন্দো কুইগনন। ডালাসের ফরোয়ার্ড লাইনে থাকা জেসুস ফেরেইরা খেলেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে।

সবশেষ ম্যাচেও লড়াইয়ের ঝাঁজ ছিল সেটি মনে করিয়ে মার্তিনো বলেন, ‘আগের দিনের ম্যাচটি (অর‌ল্যান্ডোর বিপক্ষে) আগেরগুলোর চেয়ে একেবারেই ভিন্ন ছিল। লড়াইয়ের ঝাঁজটা বেশি ছিল। আমার মনে হয়, মাঠে অনেক দক্ষিণ আমেরিকান খেলোয়াড় থাকায় এমনটা হয়েছে। নিঃসন্দেহে বিশ্বের সেরা খেলোয়াড়কে সবাই সম্মান করে। বাস্তবতা হলো ৯০ মিনিটের লড়াইয়ে সব দলই জিততে চায়। তাই সে (মেসি) মাঠে যেভাবে খেলেছে সেটাই সঠিক ছিল, আর তা প্রতিপক্ষকে একটা বার্তাও দিয়েছিল যে, ‘আমাদের দল এখানে আছে, সতর্ক থাকো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত