রাজধানীর মিরপুরে দুই বাসের মধ্যে চাপা পড়ে জিসান (১৭) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছে। পরিস্থান পরিবহন নামে একটি বাসের চালকের সহযোগী ছিল সে। প্রজাপতি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় দুটি বাসই জব্দ ও দুই চালককে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনে এ দুর্ঘটনা ঘটে। বাসের চাপায় জিসানের দুই হাত ভেঙে গেলে মুমূর্ষু অবস্থায় দ্রুত পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, জিসান ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের মো. মনির হোসেনের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মিরপুর শ্যাওড়াপাড়ায় থাকত। পরিস্থান বাসে কাজ করে দিনে ৭০০-৮০০ টাকা পেত সে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে মিরপুর-১ নম্বরে পরিস্থান পরিবহনের একটি বাসে লোক তোলার সময় বাসের পাশেই দাঁড়িয়ে ছিল জিসান। এ সময় বাসের বামপাশে অনেকটা জায়গা খালি ছিল। প্রজাপতি পরিবহনের একটি বাস ওই খালি জায়গায় সজোরে ঢুকে পড়ে। এ সময় দুই বাসের মধ্যে চাপা পড়ে জিসান। দুই হাত দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করে সে। পরিস্থান পরিবহন বাসটির মালিক তোফাজ্জল দেশ রূপান্তরকে
বলেন, জিসান গত দুই বছর ধরে তার বাসে হেলপারি করছে। দুর্ঘটনার খবর শোনার পর তিনি দ্রুত রাজধানীর পঙ্গু হাসপাতালে যান।
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে জানান, দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে গুরুতর আহত হয় বাসের হেলপার জিসান। পরে হাসপাতালে মারা যায় সে। ঘটনার পরপরই পরিস্থান ও প্রজাপতি নামে দুটি বাসই জব্দ ও দুই চালককে আটক করা হয়েছে।
মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়াড়া এলাকায় গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় গোলাম রাব্বি (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার শিমুলিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুপুরে গোলাম রাব্বি মাগুরা-ঝিনাইদহ সড়কপথে মোটরসাইকেলে করে মাগুরা শহরে আসছিলেন। সাজিয়াড়া এলাকায় পৌঁছলে দ্রতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটি ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহে ট্রাকচাপায় তরুণের মৃত্যু : ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী হাফিজুল ইসলাম হিফজু (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জ বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হিফজু নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলামের ছেলে এবং এ বছর এসএসসি পাস করেছেন।
স্থানীয়রা জানায়, হিফজু তার চাচার মোটরসাইকেল নিয়ে পাথরভাঙা এলাকা থেকে শম্ভুগঞ্জ বাজারের দিকে আসছিলেন। বকুলতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলসহ ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
