প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে এবি পার্টির উদ্বেগ

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৮:৩২ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের সরকারি ঘোষণায় উদ্বেগ জানিয়েছে এবি পার্টি। নতুন আইনটি সেপ্টেম্বরে জাতীয় সংসদে পাশ হতে পারে।

বুধবার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এবি পার্টি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন বিরোধী দলগুলো আন্দোলন করছে, তখন ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সরকার সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের ঘোষণাকে এবি পার্টি জনগণের মনোযোগকে অন্যদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র মনে করে।

তারা বলে, নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে থাকছে যা সেপ্টেম্বর মাসে সংসদে উত্থাপনের কথা রয়েছে। কিন্তু প্রস্তাবিত আইনটির খসড়া এখনো জনগণের সামনে প্রকাশ করা হয়নি। এমতাবস্থায় এবি পার্টির আশঙ্কা আইনটি অংশীজনদের দ্বারা পর্যালোচনা করার পর্যাপ্ত সুযোগ ও সময় না দিয়েই সরকার আবার একটি নিপীড়নমূলক আইন করবার পাঁয়তারা করছে।

বিবৃতিতে তারা দাবি করে, অবিলম্বে আইনটির খসড়া জনগণের সামনে প্রকাশ করতে হবে এবং আইনটির শিরোনাম ‌‘সাইবার সুরক্ষা আইন’ করতে হবে। অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং এই আইনের অধীনে দায়েরকৃত নিপীড়নমূলক সকল মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে নিপীড়িত ব্যক্তিদের রাষ্ট্র কর্তৃক ক্ষতিপূরণ ও প্রযোজ্য ক্ষেত্রে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত