স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন বলেছেন, ঢাকা সিটিতে ডেঙ্গু সংক্রমণ স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে আক্রান্তের হার এখনো বাড়ছে দেশে চলতি মাসেই (আগস্ট) রেকর্ড ডেঙ্গু শনাক্তের শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৯ আগস্ট) বিকেলে দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন বলেন, জুন মাসের তুলনায় দেশে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি ছিল। আগস্ট মাসে এসেও ডেঙ্গু সংক্রমণের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত অব্যাহত রয়েছে, যা দেশে ডেঙ্গুর অতীতের সব রেকর্ড অতিক্রম করতে পারে।
তিনি বলেন, আগস্ট মাসের গত ৮ দিনেই ২০ হাজার ৩৯৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, যেখানে আমাদের গত জুলাই মাসে ছিল ৪৩ হাজার ৮৫৪ জন। চলতি মাসে এ হারে সংক্রমণ যদি বাড়ে এবং স্থিতিশীলতা না আসে, তাহলে এ মাসে ডেঙ্গুতে আক্রান্তের হার অন্যান্য সময়ের তুলনায় সবচেয়ে বেশি হতে পারে।
