সাড়ে ৪ কোটি ডলার বিনিয়োগ করবে ফকির নিটওয়্যার

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০১:১৬ এএম

ফকির নিটওয়্যার লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে নিট কম্পোজিট শিল্প কারখানা স্থাপন করবে। এজন্য প্রতিষ্ঠানটিকে ১৫ একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি শিল্প স্থাপনে প্রায় ৪ কোটি ৫৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। এতে প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে ফকির নিটওয়্যার।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং ফকির নিটওয়্যার লিমিটেডের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১৫ একর জমি বরাদ্দে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বুধবার বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করা হয়। সভায় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান এবং ফকির নিটওয়্যারের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানের ফকির মাশরিকুজ্জামান  চুক্তি স্বাক্ষর করেন।

ফকির নিটওয়্যারের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফকির মাশরিকুজ্জামান জানান, দেশের অন্যতম আধুনিক শিল্প কারখানা স্থাপনের অভিজ্ঞতা রয়েছে। গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে তার প্রতিষ্ঠান ইতিমধ্যে দেশে এবং বিশ্বে সুনাম অক্ষুণœ রেখে চলেছে।

তিনি আরও জানান, দক্ষ লোকবল এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে অত্যাধুনিক ম্যানুফাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করেছে এবং বঙ্গবন্ধু শিল্প নগরেও অনুরূপ শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠানটি নিজ নিজ খাতে স্বনামধন্য এবং দেশে ও আন্তর্জাতিক বাজারে সুনামের সঙ্গে ব্যবসার বিকাশ ঘটাচ্ছে। কাজেই বেজা’র সঙ্গে এসব বিনিয়োগকারীর যোগসূত্র স্থাপনের ফলে অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পণ্যের বৈচিত্র্য সাধন হবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের পরিষেবা প্রদানে অনেক চ্যালেঞ্জ থাকলেও বেজা তা সাফল্যের সঙ্গে মোকাবিলা করে সব সরকারি সংস্থার সঙ্গে সুসমন্বয়ের মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করছে। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে অর্থনৈতিক অঞ্চলসমূহে আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে বেজা বিভিন্ন উন্নয়ন অংশীদারের সঙ্গে কাজ করছে।

প্রতিষ্ঠানটি ১৯৩৬ সাল থেকে গার্মেন্টস শিল্প, লজিস্টিক ও এগ্রো-ফার্ম খাতে অবদান রেখে চলেছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম ও ফেনী জেলার মীরসরাই, সীতাকু- ও সোনাগাজী উপজেলায় প্রায় ৩৩ হাজার একরের ওপর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ স্থাপনের কাজ শুরু করেছে। এ শিল্প নগরে এখন পর্যন্ত দেশি-বিদেশি প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ৪টি প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে যেগুলোর উৎপাদনকাজ গত ২০ নভেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। আরও ১৫টি শিল্প প্রতিষ্ঠান শিল্প স্থাপনের কাজ শুরু করেছে যা পর্যায়ক্রমে আগামী সেপ্টেম্বর ২০২৩ হতে উৎপাদন শুরু করবে। প্রায় ৮ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এ শিল্প নগরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত