জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৩১%

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০১:১৭ এএম

গত অর্থবছরের শেষ কয়েক মাসে বাংলাদেশের পোশাকের একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ধীরে ধীরে কমে যাচ্ছিল। কিন্তু বছরের শুরুর মাসে তা আবার ইতিবাচক ধারায় ফিরেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, জুলাইয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে আয় ৬ দশমিক ৩১ শতাংশ বেড়েছে।

ইপিবি বলছে, জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি আয় বেড়ে ৭২ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়িয়েছে। আগের বছরের অর্থাৎ ২০২২-২৩ সালের জুলাই মাসে এ দেশটি থেকে পোশাক রপ্তানিতে আয় ছিল ৬৮ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ডলার।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। ইইউতে গত বছর একই সময় রপ্তানি আয় ছিল ১ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলার। এক বছরের জুলাইয়ে এ অঞ্চল থেকে আয় হয়েছে ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

উল্লেখিত সময়ের মধ্যে স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলের কিছু বড় বাজারে পোশাকের রপ্তানি যথাক্রমে ৩৬ দশমিক ৩৫ শতাংশ, ২২ দশমিক ৭১ শতাংশ, ৩৬ দশমিক ৭৫ শতাংশ, ২৩ দশমিক  শূন্য ৩ শতাংশ এবং ১৮ দশমিক  শূন্য ৭ শতাংশ বেড়েছে।

জুলাই মাসে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য, জার্মানিতে আমাদের রপ্তানিতে শূন্য দশমিক ৭০ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে এবং রপ্তানি ৫১৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে, ফিনল্যান্ড, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লিথুনিয়া, মাল্টা, সেøাভাকিয়া এবং সেøাভানিয়াতে রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে।

জুলাই মাসে যুক্তরাজ্য এবং কানাডায় রপ্তানি যথাক্রমে ৪৭ কোটি ৫৫ লাখ ৪০ হাজার এবং ১২ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলারে পৌঁছেছে। এ দুটি দেশে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৯ দশমিক ৭৮ শতাংশ এবং ১৪ দশমিক ৭৮ শতাংশ।

এ সময়ে অপ্রচলিত বাজারে আমাদের পোশাক রপ্তানি ২৩ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে এবং ৬৭ কোটি ৪৮ লাখ ২০ হাজার ডলারে পৌঁছেছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে, জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ৪৯ দশমিক ৯৯ শতাংশ, ৫৫ দশমিক ৭৩ শতাংশ, ২ দশমিক ৬০ শতাংশ এবং ১৯ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত