ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে তেল, ডাল ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪৮৯ কোটি ৪০ লাখ টাকা, যা দিয়ে টিসিবির জন্য ১৬০ লাখ লিটার সয়াবিন তেল, ৮ হাজার টন মসুর ডাল এবং ৫০ হাজার টন গম কেনা হবে। এর বাইরে এক লাখ টন সার কেনা হবে।
গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এসব প্রস্তাবসহ ১৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৫ কোটি ৬৪ লাখ টাকা।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসান বলেন, টিসিবিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আট হাজার টন মসুর ডাল তুরস্কের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস কুমহুরিয়াতের কাছ থেকে ৭১ কোটি ৯৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আরেক প্রস্তাবে টিসিবিকে একইভাবে ৮০ লাখ লিটার সয়াবিন তেল বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ১২৭ কোটি ৫৬ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়। টিসিবিকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিডেটের কাছ থেকে ১২৭ কোটি ৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, সভায় খাদ্য অধিদপ্তরকে ৫০ হাজার টন গম সিঙ্গাপুরের অ্যাগ্রোক্রোপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৬২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ২৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, বিএডিসির জন্য আলাদা-আলাদা লটে ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৭৩ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
