১০ মিনিটেই বার্সাকে জেতালেন ইয়ামাল

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৬:৩৮ এএম

২০১৩ সাল থেকে স্পেনের মৌসুম শুরুর হোয়ান গাম্পার ট্রফি জিতে আসছে বার্সেলোনা। কিন্তু এবার কি পারবে না তারা? ৮০ মিনিটেও যে ১-২ গোলে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের সঙ্গে পিছিয়ে কাতালানরা।

শেষ ১০ মিনিটে বদলে গেল সব। রীতিমতো ঝড় তুলে গোল করলেন ফেরান তোরেস, আনসু ফাতি, আবদে এজ্জালজুলিরা। ৪-২ গোলে জিতল বার্সেলোনা। তবে তোরেস-ফাতিরা নন, বার্সার জয়ের বড় ভূমিকা ১৬ বছর বয়সী লামিনে ইয়ামালের। বার্সার ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ৮০ মিনিটে নামার পরই বদলে যায় ম্যাচের গতিপথ। গোল না পেলেও বার্সার দ্বিতীয় ও তৃতীয় গোলটিতে বড় অবদান গত মৌসুমে ১৫ বছর বয়সে লা লিগা ম্যাচ খেলে ইতিহাস গড়া ইয়ামালের।

বার্সেলোনার পরিবর্তিত ভেন্যু অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই বার্সাকে এগিয়ে দিয়েছিলেন রবার্ট লেভানডফস্কি। তবে ডিফেন্সিভ মিডফিল্ডার অলিভার স্কিপের ২৪ ও ৩৬ মিনিটে ২ গোলে এগিয়ে যায় টটেনহাম।

ইয়ামাল মাঠে নামার এক মিনিটে মধ্যেই সমতা আনে বার্সা। আরেক বদলি ফেরান তোরেসের করা সেই গোলটা বানিয়ে দিয়েছেন ইয়ামাল। ৯০ মিনিটে বার্সাকে এগিয়ে নেওয়া ফাতির গোলটিতেও বড় অবদান তার। ডান পাশ থেকে আসা এক পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে সামনে থাকা ফাতিকে পাস বাড়ান ইয়ামাল। গোল করার কষ্টটাই শুধু করতে হয়েছে ফাতিকে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবদে এজ্জালজুলির গোল নিশ্চিত করে দেয় বার্সার জয়। 

১৯৬৬ সাল থেকে হয়ে আসা এক ম্যাচের এই আসরে ৪৬ বার চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। সবশেষ তারা হেরেছে ২০১২ সালে। ইতালির সাম্পদোরিয়া ১-০ গোলে হারিয়েছিল স্বাগতিকদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত