কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাত লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদে জানা যায় টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানির ছড়া ঘাট হয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে টেকনাফ এলাকায় প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন রাত আনুমানিক পৌনে ৩টার দিকে একটি ফিশিং বোট সমুদ্র থেকে মিঠাপানির ছড়া ঘাটে ভেড়ে এবং চারটি বস্তাসহ চারজনকে নামিয়ে দিয়ে বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়। বোট থেকে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দিলে তারা বস্তাগুলো ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করলে তারা দ্রুত ঝাউবনের গহিনে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে সাত লাখ ইয়াবা জব্দ করা হয়। পাচারকারীরা গভীর রাতে ঝাউবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
×
