২১ আগস্ট মামলা

হাইকোর্টে ১২ কার্য দিবসে নিষ্পত্তির আশা

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৩:৫৮ এএম

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদ-প্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) ও আপিল শুনানি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেছেন, ১০ থেকে ১২ কার্য দিবসের মধ্যে এ মামলা নিষ্পত্তি হতে পারে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মৃত্যুদন্ডপ্রাপ্তদের যে রেফারেন্স, সেগুলো পড়া প্রায় শেষ। এরপর যুক্তিতর্ক হবে। তবে বেঞ্চের সিনিয়র বিচারপতি (বিচারপতি সহিদুল করিম) অসুস্থ থাকার কারণে কয়েক দিন ধরে বেঞ্চ বসছে না। আশা করি বন্ধের পরে (সুপ্রিম কোর্টে ৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবকাশ) বিচারপতি বসবেন। আমাদের বক্তব্যের পরে আসামিপক্ষ যুক্তি তুলে ধরবেন। এক্ষেত্রে আর ১০ থেকে ১২টি কার্য দিবস লাগবে।’

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচারের রায় হয় ২০১৮ সালের ১০ অক্টোবর। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ হত্যা ও বিস্ফোরক আইনে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদন্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়।

মৃত্যুদ- ও যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের ৪৪টি আপিল ২০১৯ সালের ১৩ জানুয়ারি শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত