বন বিভাগের অফিসে আবারো বাঘ

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১২:০০ পিএম

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্র এলাকায় আবারো একটি বাঘের দেখা মিলেছে। বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে। এ সময় ভিডিও ধারণ করেন এক বনরক্ষী।

ধারণ করা ভিডিওটি বৃহস্পতিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মোস্তাক আহমেদ নামের ওই বনরক্ষী।

এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায়।

ভিডিও ধারণকারী কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, ডিউটি শেষে রাতে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে ঘুম থেকে উঠে দেখি, কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাঘটি থেকে হতভম্ভ হয়ে যাই। ভয়ে ভয়ে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গেছে। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি পরিণত। অভয়ারণ্য এলাকায় সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে দায়িত্ব কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাদেরকে সতর্ক থাকতে বলেছি। এ ছাড়া বনে বাঘ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত