মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৮:০০ পিএম

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপুকে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া এলাকায় অন্যান্য আসামিদের নিয়ে গোপন বৈঠক করেছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। ওই বৈঠকে বিদ্যুৎ অফিসে হামলা, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ও নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টার পরিকল্পনা করা হয়। এমন অভিযোগে পরের দিন (১৬ জুলাই) বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর পর বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল ওরফে রনি বলেন, ‘এ মামলায় চারজন নামীয় এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল। এজাহারে যুবদল নেতা কাজী মোস্তাক হোসেন দীপুর নাম উল্লেখ ছিল না। অথচ এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘এজাহারে নাম না থাকলেও পরবর্তীতে তদন্তে কাজী মোস্তাক হোসেন দীপুর সম্পৃক্ততা পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে আদালতে নেওয়া হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত