গার্মেন্ট শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। একইসঙ্গে নতুন মজুরি কাঠামো ঘোষণা করতে ৩০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই সমাবেশ থেকে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় ওই শ্রমিক সমাবেশ হয়।
সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে মাসব্যাপী সব শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন গার্মেন্ট টিইউসির সভাপতি মন্টু ঘোষ। তিনি বলেন, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে গার্মেন্ট শ্রমিকের মজুরি বৃদ্ধি না হলে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর কদমফুল ফোয়ারা ঘুরে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।
শ্রমিক নেতা মন্টু ঘোষের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহানের পরিচালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য দেন গার্মেন্ট টিইউসির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহসভাপতি জলি তালুকদার, জিয়াউল কবির খোকন, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ।
