স্ত্রী আছে, সন্তান আছে, তবুও তারা হিজড়া!

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০১:৫৮ এএম

হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই পুরুষ। কিন্তু তারা হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে। তারা হলোÑ মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), নয়ন ওরফে নিশি হিজড়া (২০), বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) ও মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন দেশ রূপান্তরকে বলেন,

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। পাপ্পু হিজড়া তাদের গুরুমাতা হিসেবে আছে। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনে এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করায়। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয়। গ্রেপ্তারকৃতদের কারও বাড়ি লক্ষ্মীপুর, কারও বাড়ি সিরাজগঞ্জ, কারও বাড়ি পাবনা, কাউকে আবার আনা হয়েছে ময়মনসিংহ থেকে। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে। কিন্তু তবুও তারা হিজড়া সেজে চাঁদাবাজি করছিল।

ওসি সহসিন বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামে এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করা হয়। দিতে অস্বীকৃতি জানালে ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেওয়া হয়। পরে তাওহীদ ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল ওই আটজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত