না.গঞ্জে দগ্ধ ৪

পাঁচতলার দেয়াল ভেঙে পড়ল অন্য বাড়ির উঠোনে

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৯:৫৬ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর হোসাইনি নগরে ছয়তলা ভবনের পাঁচতলার একটি ফ্লাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে আগুনে চারজন দগ্ধসহ আহত হয়েছেন অনন্ত ছয়জন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় আসলাম সিকদারের মালিকানাধীন লক্ষ্মী নিবাসে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ওই এলাকার হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার (৪৫), পোশাক কারখানার শ্রমিক রানা মিয়া (৩২), তার স্ত্রী বীথি আক্তার (২৫) তাদের এক কন্যাশিশু (৭)। এ ছাড়া স্থানীয় ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির হোসেন নামে দুজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও দগ্ধের স্বজনরা জানায়, রাত ১২টার দিকে লক্ষ্মী নিবাসের পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক দগ্ধ চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। আবু কালাম নামে অন্য আরেকজনকে নেওয়া হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। এ ছাড়া জাকির নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ফরিদা বেগম জানান, ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করেই শুনতে পাই বিকট আওয়াজ। ঘর থেকে বের হওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই দরজা খুলতে পারছিলাম না। অনেক চেষ্টার পর খুলেই দেখি বাড়ির উঠানে বিশাল এক ভাঙা দেয়াল পড়ে আছে।

মো. সোহেল জানান, খুব জোরে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছি। মাথা ব্যথা করছে। ভাবছিলাম হয়তো বাড়ির পাশে কোনো ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। বাইরে বের হয়ে দেখি আসলাম মিয়ার বাড়ির পাঁচতলার দেয়াল ভেঙে উঠানে পড়ে আছে।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলা হয়। বিস্ফোরণে পাঁচতলা ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের একটি আধাপাকা ঘরের চালাসহ আসবাপত্র ভেঙে গেছে। পাশাপাশি ওই ফ্ল্যাটের দরজা ও জানালাসহ ঘরের আসবাপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তদন্তের পর ঘটনার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। বিস্ফোরণে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত