সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে দিনটি উপলক্ষ্যে ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে স্মৃতিচারণ শেষে তারেক মাসুদ ও মিশুক মনির স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করা হয়।
মানিকগঞ্জ প্রেসক্লাব, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন বাস্তবায়ন আন্দোলন কমিটি, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ, রেইনবো থিয়েটার, আলোর পথ, কবি নজরুল প্রমীলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, তারুণ্য, কাকজোড় গোল্ডেন স্পোর্টিং ক্লাবসহ নানা সংগঠনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
স্মরণ সভায় বক্তারা, স্মৃতি ফলক স্থানে তারেক মাসুদ-মিশুক মুনীরের ভাস্কর্য স্থাপন, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়ায় রেললাইন নির্মাণ, মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ সড়কে দুর্ঘটনারোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জের সভাপতি দীপক কুমার ঘোষ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারি প্রমুখ।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং স্পট দেখে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ তাদের সহকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের জোকা এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলে নিহত হন।
