ক্যাম্পাসের বাইরে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদ এবং উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শিক্ষক সমিতি।
রবিবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়’৭১-এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম সাইফুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্তকে লজ্জাজনক এবং অবমাননাকর বলে মন্তব্য করেন।
তিনি বলেন, উপাচার্য স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিজের মনমতো সিদ্ধান্ত নিচ্ছেন। ডিন কিংবা বিভাগীয় চেয়ারম্যান কারো কোনো কথার তিনি তোয়াক্কা করছেন না। আমার ধারণা উপাচার্য তার নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য ঢাকাস্থ অন্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বোর্ড ডেকেছেন। এর মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত সুযোগসুবিধাকে অগ্রাহ্য করেছেন। গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা তার কোনো কর্মকাণ্ড দেখিনি।
এর আগে বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে চারজন শিক্ষক নিয়োগ দিয়ে উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন নিজ এজেন্ডা বাস্তবায়ন করেছেন বলেও দাবি করেন শিক্ষক সমিতির সভাপতি।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাহী সদস্য এবং লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক দাবি করে বলেন, ‘বিশোর্ধ্ব বয়সী এই বিশ্ববিদ্যালয়ে সবসময় নিয়োগ বোর্ড ক্যাম্পাসের অভ্যন্তরেই হয়েছে। আজ যে নিয়োগ পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল, নিজ স্বার্থকে চরিতার্থ করতে উপাচার্য সেটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছেন। এর আগে তিনি শিক্ষকদের ‘ব্লাডি’ বলেছেন এবং বলেছেন বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষ আছে বাকি সব মহিলা। এমন আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে তার এই পদে থাকার নৈতিকতা আছে কতটুকু?’
এ সময় সামনের নির্বাচনকে কেন্দ্র করে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, এই নিয়োগ বোর্ড থেকে নিজেকে বিরত রেখেছি, কারণ আমার আত্মসম্মানবোধ আছে। কিন্তু উপাচার্যের আত্মসম্মানবোধ নেই।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাসুদার রহমান, সহ সভাপতি অধ্যাপক মো. আহসান হাবিব, কোষাধ্যক্ষ মো. খাইরুল ইসলাম , যুগ্ম সম্পাদক অনিমেষ সরকার, দপ্তর সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. জয়নুল আবেদীন, নির্বাহী সদস্য অধ্যাপক লুৎফুননেছা বারি, অধ্যাপক মো. ফজলুল করিম এবং মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ফার্মেসি, অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগে প্রভাষক নিয়োগের পরীক্ষা আজ রবিবার ও আগামীকাল সোমবার অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রার্থীদের সুবিধার কথা বিবেচনা করে নিয়োগ পরীক্ষা ঢাকাতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন।
পরে গতকাল শনিবার অন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করায় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্তের কথা জানান লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক।
