ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবন সংলগ্ন এলাকায় এক ব্যাংক কর্মকর্তার গলায় ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
সোমবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। এ সময় ওই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আনসার সদস্য ও ব্যাংক কর্মকর্তারা তাকে আটক করে। পরে ইবি থানায় তাকে হস্তান্তর করা হয়।
অভিযুক্ত শামিমা খাতুন (৩৬) কুষ্টিয়ার ভেড়ামারা মধ্যবাজার এলাকার বাসিন্দা। ভুক্তভোগী মইনুল হোসেন অগ্রণী ব্যাংকের ইবি শাখার প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত।
শামিমার দাবি, ২০২১ সালের ৪ এপ্রিল ভালোবেসে ওই ব্যাংক কর্মকর্তার সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু মইনুল তাকে স্ত্রী হিসেবে স্বীকার না করে দীর্ঘদিন ধরে তাকে অবহেলা করে আসছে। ফলে তার সঙ্গে ব্যাংক কর্মকর্তার দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জের ধরে সোমবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে ব্যাংক কর্মকর্তার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে শামীমার গলায় ছুরি ধরে ব্যাংক কর্মকর্তা। আত্মরক্ষা করতে গিয়ে উল্টো ছুরি লাগে ব্যাংক কর্মকর্তার গলায়। এ সময় শামীমার হাত কেটে যায়।
ছুরিকাঘাতে আহত মইনুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত নার্স মমতাজ আক্তার বলেন, রক্তাক্ত অবস্থায় ব্যাংক কর্মকর্তাকে মেডিকেলে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে আমরা তার গলা ব্যান্ডেজ করে দিয়েছি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ব্যাংক ম্যানেজার হাসিবুজ্জামান হাসিব বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান। ব্যাংক কর্মকর্তার স্ত্রী আসলে থানায় মামলা করা হবে।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বিপ্লব বলেন, ঘটনাটি শুনে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। সেখান থেকে ওই মহিলাকে আটক করা হয়। এ বিষয়ে কোনো অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
