লুকিয়ে ৮ বছর প্রেম এরপর বিয়ের ঘোষণা

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১২:১২ এএম

আট বছরেরও বেশি সময় ধরে প্রেম করছিলেন ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিষয়টি জানতেন শুধু তার ঘনিষ্ঠ কয়েকজন। অনেকটা অবাক করে গত সোমবার বিকেলে বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী। তিনি জানান, গত ১১ আগস্ট দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জানা গেছে, তার বরের পুরো নাম শেখ রেজওয়ান রাফিদ আহমেদ। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন। এরপর ঢাকার একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকরিও করেছেন তিনি। রেজওয়ান এখন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর পড়ছেন। অভিনয়ে আসার আগে এবং কলেজে পড়ার সময় তারা একে অন্যের প্রেমে পড়েন। সেই কৈশোরের প্রেমিককে স্বামী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মেয়েও দাবি করেন ফারিণ। গত ১১ আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ফারিণ ও রেজওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, মিজানুর রহমান আরিয়ান, ইমরাউল রাফাত, অভিনেতা আরিফিন শুভ, অভিনেত্রী সাবিলা নূরসহ অনেকে। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরব কবে’ নামে একটি নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান ফারিণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত