আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করার জন্য একটি কমিশন তৈরি করা হবে। সেই আইন প্রায় ড্রাফট হয়ে গেছে। জনগণ সহযোগিতা করলে সেই আইন পাস করা হবে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে। তবে হত্যা করে আমরা প্রতিশোধ নিতে চাই না। আমাদের প্রতিশোধ হবে বাংলাদেশকে সোনার বাংলা বানিয়ে দেখাব, বাংলাদেশে বঙ্গবন্ধু কোনো দিন মরবে না। বঙ্গবন্ধুকে বাংলাদেশে মারা যায় না।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে। নতুন প্রজন্ম যাতে জানতে পারে এরাই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বাংলাদেশের ভার তাদের (খুনিদের) পরিবারের হাতে যেন তুলে না দেয়।’
এদিকে কসবায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত জনগণের কাছে যায় না, তারা আমেরিকান দূতাবাস, ব্রিটিশ দূতাবাসসহ বিভিন্ন দূতাবাসে যায়। তারা মনে করে দূতাবাসের ঘাড়ে ওঠে আপনাদের শাসন করবে। তারা জনগণকে দুই পয়সার দাম দেয় না।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সুপার মার্কেট চত্বরে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমেরিকা কয়েকজন র্যাব কর্মকর্তার ওপর সেংশন দিয়ে জনগণকে ভয় দেখাতে চেয়েছিল। অথচ বিএনপি সরকারের আমলে আমেরিকার পরামর্শে র্যাব তৈরি হয়েছিল। র্যাবের ওপর সেংশন দিয়ে কাজ না হওয়ায় চালু করেছে ভিসানীতি।’
