নির্বাচনী মাঠ ঘোলা করার জন্য অনেকেই নামবে: ডিএমপি কমিশনার

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৯:৫৯ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, এই বছরে নির্বাচনী মাঠ ঘোলা করার জন্য অনেকেই মাঠে নামবে, অনেকেই আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে এবং নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। আইন শৃঙ্খলা নাসাৎ করার চেষ্টা করলে বাংলাদেশ পুলিশ জনগণের সহযোগিতা নিয়ে কঠোর হস্তে তাদের দমন করবে।

তিনি বলেন, একটা সংগঠন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলা করার জন্য চেষ্টা করেছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করা দরকার আমরা করব।

বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগে 'স্বস্তি' প্রকল্পের আওতায় স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ১৭ আগস্টের আজকের এই দিনে দেশের ৬৩ জেলায় জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। আনুষ্ঠানিকভাবে জঙ্গিরা জানান দিয়েছিল বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে। যারা তখন ক্ষমতায় ছিলেন আমি বলব তাদের মদদে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছিল। বাংলাদেশ পুলিশ ও জনগণ জঙ্গি রাষ্ট্র হওয়া থেকে এখন পর্যন্ত রক্ষা করে চলেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, হলি আর্টিসানে হামলাসহ সারা বাংলাদেশে জঙ্গিদের যে ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছিল দেশে ও বিদেশি চক্রান্তে তার মূল কারণ ছিল বাংলাদেশের উন্নয়ন বন্ধ করে দেওয়া। আপনাদের সবার সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই জঙ্গি দমন করতে পেরেছে, নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। কিন্তু জঙ্গি বাংলাদেশ থেকে নির্মূল হয়নি, কিছুদিন আগেও দেখেছেন ডিএমপির সিটিটিসি সিলেটের গভীর অরণ্য থেকে আবার নতুন জঙ্গিদের গ্রেপ্তার করেছে।

ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করার ফলে অপরাধীরাও ডিজিটাল সুযোগ-সুবিধা নিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ডিজিটাল সুবিধা নিয়ে জঙ্গিরাও সচেতন হওয়ার চেষ্টা করছে, তারা এখন মোবাইল ফোন ব্যবহার করে না। ডিজিটালের ফলে মোবাইলের বিভিন্ন অ্যাপস ব্যবহার করছে তারা। তবে পুলিশ তাদের থেকে পিছিয়ে থাকতে পারে না। অপরাধীরা ডালে ডালে চললে আমাদের পাতায় পাতায় চলতে হবে।

তিনি বলেন, তিন-চারদিন আগেই দেখা গেছে জামায়াতের একজন শীর্ষ নেতার হার্ট আ্যটাকে স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার লাশ নিয়ে একটি মহল আইন শৃঙ্খলা ঘোলা করার জন্য চেষ্টা করছিল, কিন্তু সেটি সফল হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত