সরকারি অনুমতি ছাড়া কান চলচ্চিত্র উৎসবে ‘লেইলাস ব্রাদার্স’ শীর্ষক সিনেমা প্রদর্শনের দায়ে বিখ্যাত পরিচালক সাঈদ রুস্তাইকে (৩৪) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি বিপ্লবী আদালত।
তেহরানের অর্থনৈতিক দুর্দশার সঙ্গে লড়াই করা একটি পরিবারের গল্প ‘লেইলাস ব্রাদার্স।’ গত বছর সিনেমাটি মুক্তি পাওয়ার পর নিষিদ্ধ করে ইরান। সিনেমাটি গত বছরের কান উৎসবে পাম ডি’অরের জন্য প্রতিযোগিতায় ছিল। এটি সর্বোচ্চ পুরষ্কার না পেলেও আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন পুরষ্কার জিতে নেয়।
ইরানের সংস্কারবাদী দৈনিক ইতেমাদ জানিয়েছে, পরিচালক রুস্তাই ও প্রযোজক জাভেদ নরুজবেগিকে কান উৎসবে সিনেমাটি প্রদর্শনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে বিরোধীদের প্রচারণায় অবদান রাখার জন্য দোষী সাব্যস্ত করা হয়।
সরকারি গণমাধ্যম জানিয়েছে, সিনেমাটি নিষিদ্ধ করার কারণ এটি অনুমতি ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রবেশ করে নিয়ম ভঙ্গ করেছে। পরিচালক সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুরোধে তা সংশোধন করতে অস্বীকার করেছিলেন।
জানা গেছে, পরিচালক রুস্তাই তার কারাদণ্ডের মধ্যে মাত্র ৯ দিন ভোগ করবেন। বাকি মেয়াদ ৫ বছরের জন্য স্থগিত রাখা হবে। চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারবেন তিনি। খবর ভয়েজ অব আমেরিকার।
রুস্তাই ২০১৯ সালে ইরানের মাদক সমস্যা এবং নৃশংস ও নিরর্থক পুলিশি প্রতিক্রিয়া নিয়ে‘জাস্ট ৬.৫’ নামে একটি সিনেমা বানান। এরপর তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।
